
বিএনপির ডাকা হরতালে জনৈক পিকেটারের বুকে পুলিশের এক সদস্যের বুট দিয়ে চাপা দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের ব্যাখ্যা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ছবিটির বিষয়ে জানতে চেয়েছে কমিটি।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মুজিবুল হক, হাবিবুর রহমান, নুরুল ইসলাম, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংসদ মুজিবুল হক সাংবাদিকদের বলেন, গত হরতালের সময় একজন পিকেটারের বুকে পুলিশের লাথি মারার ঘটনাটি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের আইজিপির কাছে পুলিশের এ আচরণ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
সভায় কমিটির একাধিক সদস্য বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। এ কারণে বিষয়টির অবশ্যই তদন্ত প্রয়োজন।
ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর অতি উত্সাহী আচরণ নিয়ে কমিটি আগে থেকেই সজাগ। কমিটির আগের বৈঠকগুলোতেও এ বিষয়ে আলোচনা হয়েছে। গত হরতালের বিষয়টিও তাই মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে। সভায় দেশের সমগ্র দক্ষিণাঞ্চল বিশেষ করে ঝিনাইদহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে অভিযোগপত্র দেওয়া মামলাগুলো সম্পর্কে জানতে চাওয়া ছাড়া এ বিষয়ে আলোচনা না করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিভিন্ন বাহিনী থেকে র্যাবে পদায়নে অনুসরণযোগ্য একটি নীতিমালা প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
এদিকে বৈঠকে পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদটি প্রথম শ্রেণীতে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই বিষয়টি আটকে আছে।
No comments:
Post a Comment